বার্তা সংস্থা আবনা : মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের রুলিং অমান্য করে সিনেট বা শুরা কাউন্সিল পুনর্বহাল করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসি। আজই মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালত সংসদের উচ্চ কক্ষ সিনেট বাতিল করেছিল। একইসঙ্গে যে প্যানেল মিশরের জন্য নতুন সংবিধানের খসড়া তৈরি করছে তাকেও আদালত বাতিল করে দেয়।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত সিনেট তার দায়িত্ব পালন করে যাবে। আজ সকালের দিকে আদালত সিনেট বাতিল করার কয়েক ঘণ্টার মধ্যে মুরসি তা পুনর্বহালের ঘোষণা দিলেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী অক্টোবরের দিকে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
মিশরের নতুন সংবিধান আইনে পরিণত করার পর সিনেটের বৈধতা যাচাই করার জন্য আদালত আজ ওই সিদ্ধান্ত দেয়।
মিশরে গত বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের আগ মুহূর্তে দেশটির একই আদালত সংসদের নিম্ন কক্ষকে বাতিলের রুলিং দেয়ার পর ক্ষমতাধর সামরিক পরিষদ তা ভেঙে দিয়েছিল।